ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিরোধী দলগুলো। বুধবার (১৫ জুলাই) সকালে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে তারা।
আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এরবিলের উত্তর-পশ্চিমাঞ্চলের আলানা উপত্যকা এলাকায় অবস্থানরত ইরানি বিরোধী দলগুলোর ওপর এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
স্থানীয় সন্ত্রাসবিরোধী বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আজ ভোরে এরবিলের আকাশে বিস্ফোরক বহনকারী আটটি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে জোট বাহিনী।’
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ড্রোন হামলার পেছনে ইরানের হাত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে।