ইতামার বেন-গাভির-এর পরিকল্পিত যুক্তরাষ্ট্র সফর শেষ পর্যন্ত বাতিল হয়েছে ভিসা প্রক্রিয়ায় জটিলতার কারণে।
ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গাভির সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল মায়ামিভিত্তিক এক ব্যবসায়ী বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া।
প্রথমে চ্যানেল ১২ নিউজ এবং পরে হারেৎজ জানায়, সফরের অর্থায়ন করার কথা ছিল ইসরায়েলি বংশোদ্ভূত ব্যবসায়ী ইয়াকভ এলহারারের। ভ্রমণ ব্যয়ের মধ্যে বিমানভাড়া ও আবাসনসহ পুরো পরিবারের খরচ অন্তর্ভুক্ত ছিল, যার পরিমাণ দশ হাজার শেকেল হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বেন-গাভিরকে গত সোমবার মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে এর পরপরই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
যদিও ভিসা জটিলতার বিষয়টি সামনে এসেছে, তবে এ নিয়ে বেন-গাভির বা মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
উল্লেখ্য, কট্টর ডানপন্থী এই নেতা গাজা ইস্যুতে কঠোর অবস্থান, ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রস্তাবসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন।
শীর্ষনিউজ