যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের পাহাড়ি পর্যটনকেন্দ্র বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সুইস কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুন) সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে জেনেভায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লুসার্ন হ্রদের তীরবর্তী বুর্গেনস্টক রিসোর্টকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের সঙ্গে আলোচনার পর এই স্থান নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে বুর্গেনস্টকের প্রস্তাব দেয়, যা যুক্তরাষ্ট্র ও ইরানও সমর্থন করে।
চুক্তির স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করা হবে। এছাড়া ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বুর্গেনস্টক পাহাড়ের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।
এর আগে ২০২৪ সালের জুনে ইউক্রেন শান্তি সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল এই রিসোর্টে। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত জেমস বন্ড সিরিজের জনপ্রিয় ‘গোল্ডফিঙ্গার’ চলচ্চিত্রের শুটিং হয়েছিল এখানেই।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের ১৪ দফা খসড়া প্রকাশ্যে এসেছে। খসড়ায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিস্তারিত কাঠামো তুলে ধরা হয়েছে।
প্রাপ্ত খসড়া অনুযায়ী, স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলে ইরান ও যুক্তরাষ্ট্র অবিলম্বে এবং স্থায়ীভাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেবে। এতে লেবাননের সংঘাতও অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র : সিএনএন