Image description

ভারতে চিকিৎসাবিদ্যা বিষয়ে স্নাতক পড়ার যোগ্যতা নির্ণায়ক বা মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ আয়োজনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। নিট ইউজি পুনঃপরীক্ষার আগে কঠোর ব্যবস্থার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কেবিনেট সচিব টিভি সোমনাথন বৈঠকে সর্বভারতীয় স্তরের এ পরীক্ষার আয়োজন কীভাবে করা হয়েছে, তা পর্যালোচনা করেছেন।

ইতিমধ্যে প্রশ্নপত্র ও উত্তরপত্রের সুরক্ষায় বিমান বাহিনীর সদস্য ও আধাসেনা মোতায়েনের কথা জানা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবর, সব রাজ্যের সচিব এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ডিরেক্টর জেনারেল বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রের সঙ্গে এক জোট হয়ে সব রাজ্যকে স্বচ্ছ ও সুরক্ষিত প্রবেশিকা আয়োজনের বার্তা দেওয়া হয়েছে। 

এ জন্য প্রতিটি রাজ্যের বাছাই করা কর্মকর্তারা যাতে আয়োজক সংস্থা এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করেন, সেই নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করেছে, তা-ও খতিয়ে দেখেন কেবিনেট সচিব। গত ৩ মের পরীক্ষায় যে সব সমস্যা হয়েছিল, তার সমাধান করা হয়েছে কি না— তা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির সুরক্ষার দায়িত্বে থাকবে আধাসেনা এবং বিমানসেনা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হওয়ার পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার হবে। পুনঃপরীক্ষার দিন সার্বিক সুরক্ষার দায়িত্বে থাকবে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।

দ্বিস্তর নিরাপত্তা বলয়ের মাধ্যমে সশস্ত্র কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশ্নপত্রসহ সব গোপন নথি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবে। এ জন্য নির্দিষ্ট বিমানবন্দর, হেলিপ্যাড এবং অন্য সব গণপরিবহণ ব্যবহার করবেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। ১৯ জুনের মধ্যে পরীক্ষা সংক্রান্ত সব নথি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর কাজ শেষ হবে।

পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে প্রশ্নকর্তা ও অনুবাদকদের আলাদা করে নিরাপদ স্থানে নজরবন্দি রাখার হবে। ২১ জুন পর্যন্ত তাঁরা মোবাইল ফোন, ল্যাপটপের মতো যন্ত্র এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ৩ মে পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্তদের অনেকেই প্রবেশিকার প্রশ্ন তৈরি করেছিলেন বলে জানা গেছে। খবর: আনন্দবাজার।