Image description

তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগের পর ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পৌরসভার বোর্ড। মেয়রের পরিবর্তে কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী পৌর নির্বাচন না হওয়া পর্যন্ত এই পদে মেয়র মর্যাদায় দায়িত্ব পালন করবেন তিনি।

 

সোমবার (৮ জুন) পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

 

কলকাতার মেয়র পদ থেকে গত শুক্রবার পদত্যাগ করেন ফিরহাদ হাকিম। তার স্থলাভিষিক্ত কে হবেন পরবর্তী মেয়র হবেন, তা বেছে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফিরহাদ পদত্যাগ করার পরই পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল।

 

মেয়রের পদত্যাগের পর কেন ভেঙে দেওয়া হবে না কলকাতা পৌরসভার বোর্ড, তা জানতে চাওয়া হয়েছিল নোটিশে। শুধু তা-ই নয়, নতুন মেয়র কে হবেন, সোমবারের মধ্যে তা জানাতে বলা হয়েছিল। কিন্তু তিন দিন পরেও পৌরসভার পক্ষ থেকে নতুন মেয়রের নাম জানানো হয়নি। সে কারণেই ভেঙে দেওয়া হলো পৌরসভার বোর্ড।

 

কলকাতা পৌরসভাকে পাঠানো নোটিশে বলা হয়েছিল, মেয়রের পদত্যাগের পরে পৌরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। নাগরিকদের পরিষেবা দেওয়ায় বাধা তৈরি হতে পারে। ফলে সংবিধান ও ১৯৮০ সালের কলকাতা পৌরসভা আইন অনুসারে, পৌরসভার উপরে যে দায়িত্ব রয়েছে, তা পালনে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

 

নোটিশে এ-ও বলা হয়েছে, কলকাতা পৌরসভা আইন, ১৯৮০-এর ১১৭(১) ধারায় রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে, যদি কোনও পৌরসভা তার দায়িত্ব পালনে অক্ষম হয়, ধারাবাহিকভাবে কর্তব্যে গাফিলতি করে অথবা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সরকার তাকে অযোগ্য বা দায়িত্ব পালনে ব্যর্থ বলে ঘোষণা করে পৌরসভা ভেঙে দিতে পারে।

 

নোটিশের প্রতিলিপি কলকাতা পৌসভার কমিশনার, পৌরসচিব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। কলকাতা পৌরসভা আইন, ১৯৮০-এর অধীনে সোমবার পৌরবোর্ড ভেঙে দেওয়া হলো।