Image description

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর স্থায়ী ট্রানজিট ফি আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির মতে, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ভোক্তাদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

সম্মেলনে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান আল থানি বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলো হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি টোল বা ফি ব্যবস্থার বিরোধী।

 

তিনি বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদাররা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে, জাহাজ চলাচলের ওপর ফি আরোপের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে। তাই আমরা এর বিরুদ্ধে।

 

তবে নির্দিষ্ট পরিস্থিতিতে সাময়িকভাবে কোনো ফি আরোপের বিষয়ে আলোচনা সম্ভব বলে ইঙ্গিত দেন তিনি। শেখ সৌদ বলেন, যদি মাইন অপসারণ বা নিরাপত্তা-সংক্রান্ত বিশেষ কোনো কার্যক্রমের জন্য সীমিত সময়ের জন্য ফি ব্যবহারের কথা বলা হয়, তাহলে সেটি আলোচনার বিষয় হতে পারে।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সম্ভাব্য কাঠামো নিয়ে বর্তমানে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে কাতারের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। ফলে এই নৌপথে নতুন কোনো ফি বা বিধিনিষেধ আরোপ হলে তার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও পণ্যের দামের ওপর পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

সূত্র: আল জাজিরা