Image description

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কুরবানির জন্য প্রস্তুত করা এক ছাগলের দাঁত ডেন্টাল কেয়ারে গিয়ে তোলার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার মহিলা কলেজ গেট সংলগ্ন একটি ডেন্টাল ক্লিনিকে ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য রাখা ছাগলটির একটি দাঁত নড়বড়ে থাকায় সেটি তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই ছাগলকে নিয়ে একটি ডেন্টাল কেয়ারে যাওয়া হয় এবং সেখানেই দাঁত অপসারণ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা পরে ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন।

অভিযুক্তরা দাবি করেন, দাঁতটি নিজ থেকেই নড়ছিল, তাই চিকিৎসার উদ্দেশ্যে তা তুলে ফেলা হয়েছে। তবে কেন পশুর দাঁত মানুষের ডেন্টাল ক্লিনিকে আনা হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ওঠে।

স্থানীয়দের অভিযোগ, কুরবানির পশুর বয়স বা শারীরিক অবস্থা গোপন করার জন্য এ ধরনের কাজ করা হতে পারে, যা প্রতারণার শামিল। একই সঙ্গে প্রাণীর প্রতি অমানবিক আচরণ এবং চিকিৎসা প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

ডেন্টাল ক্লিনিকের মালিক জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। একজন কর্মচারী ভুলবশত বা অজ্ঞতাবশত ছাগলের দাঁত তুলে ফেলেছে বলে তিনি দাবি করেন।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, প্রাণী কল্যাণ আইনে এ ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

শীর্ষনিউজ