Image description

যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিতর্কে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু–এর গোপন আমিরাত সফরের তথ্য প্রকাশ্যে চলে আসায় তীব্র অসন্তোষ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ ঘটনায় ইসরায়েলের কাছে কড়া ভাষায় প্রতিবাদও জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৫ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর থেকেই সফরসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আমিরাত।

আই২৪ নিউজকে দেওয়া এক সূত্রের বরাতে বলা হয়েছে, গোপন কূটনৈতিক তথ্য প্রকাশ করা নেতানিয়াহুর দপ্তরের পুরোনো অভ্যাসের অংশ। আমিরাতের কর্মকর্তারা মনে করছেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ভুল নয়; বরং পরিকল্পিতভাবেই তথ্য বাইরে এসেছে।

সূত্রটি আরও দাবি করেছে, গোপন কূটনৈতিক তথ্য ফাঁসের আশঙ্কার কারণেই আমিরাত আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে কখনো সফরের আমন্ত্রণ জানায়নি। যদিও আড়ালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২০ সালে আব্রাহাম চুক্তি–এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। তবে এরপরও নেতানিয়াহুর কোনো প্রকাশ্য সরকারি সফরের ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, গত ২৬ মার্চ নেতানিয়াহু গোপনে আমিরাতের আল-আইন শহর সফর করেন। ওই সময় মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরের সময় আমিরাত ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারাও আমিরাত সফর করেছেন বলে জানা গেছে।সূত্র: আই২৪ নিউজ

শীর্ষনিউজ