অধিকৃত পশ্চিম তীরে আবারো বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। শুক্রবার (১৫ মে) সকালে বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় একটি মসজিদে অগ্নিসংযোগসহ ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে বর্ণনা করেছে।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ ভোরে ইসরাইলি সেনারা নাবলুস শহরে আকস্মিক অভিযান শুরু করে। তারা বেশ কিছু ফিলিস্তিনি নাগরিকের বাড়িতে তল্লাশি চালায় এবং একজনকে ধরে নিয়ে যায়। এদিকে নাবলুসের দক্ষিণে অবস্থিত আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে একদল সশস্ত্র বসতি স্থাপনকারী প্রবেশ করে সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রামাল্লার নিকটবর্তী জিবিয়া শহরে। সেখানে কট্টরপন্থী ইসরাইলি সেটলাররা ফিলিস্তিনিদের মালিকানাধীন বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখানেই ক্ষান্ত না হয়ে তারা স্থানীয় একটি মসজিদেও আগুন লাগিয়ে দেয়। মসজিদের আসবাবপত্র ও পবিত্র স্থাপনা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শীর্ষনিউজ