লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই বাংলাদেশিসহ তিনজন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক। শ্রমিক হিসেবে তারা সবাই কাজ করতেন সেখানে।
সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা লরিয়েন্ট টুডে।
প্রতিবেদন বলছে, নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি বাড়িতে চালানো হয় এই হামলা। তবে নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, সর্বশেষ এ হামলা চালানো হয়েছে গতকাল।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আজও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
এর আগে গত ১৬ এপ্রিল হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করেও চালাচ্ছে হামলা।