সৌদি আরবের মক্কায় হজের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক ঘটনায় তিন সৌদি নাগরিক ও ১৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
হজ নিরাপত্তা বাহিনী জানায়, দুই সৌদি নাগরিক অবৈধভাবে ১৭ পাকিস্তানি প্রবাসীকে কাঁচা রাস্তা ও উপত্যকা দিয়ে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের কাছে বৈধ হজ অনুমতি (পারমিট) ছিল না। অভিযানে তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্য এক ঘটনায়, মক্কা অঞ্চল পুলিশের হাতে গ্রেপ্তার হন এক সৌদি নাগরিক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মক্কায় প্রবেশের নকল অনুমতিপত্র দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকেও সরকারি কৌঁসুলির কাছে সোপর্দ করা হয়েছে।
এদিকে পৃথক অভিযানে এক ইয়েমেনি প্রবাসীকেও আটক করা হয়। তিনি একই দেশের আরেকজনকে অবৈধভাবে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। তাকেও আইনি ব্যবস্থা শেষে সরকারি কৌঁসুলির কাছে সোপর্দ করা হয়েছে।
সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ দেশের সকল নাগরিক ও প্রবাসীদের হজের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো অনিয়ম দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।