Image description

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে কঠোর ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে জার্মানির হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, মের্জের উচিত ইরানের বিষয়ে নাক না গলিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং নিজের দেশের অভ্যন্তরীণ সংকট নিরসনে মনোযোগ দেওয়া।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে সরাসরি মের্জকে আক্রমণ করে লিখেন, “জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আরও বেশি সময় ব্যয় করা (যেখানে তিনি পুরোপুরি ব্যর্থ!) এবং তার নিজের ভেঙে পড়া দেশটিকে ঠিক করা, বিশেষ করে অভিবাসন ও জ্বালানি সমস্যার সমাধান করা।”

ইরান প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, “যারা ইরানের পারমাণবিক হুমকি দূর করে জার্মানি তথা বিশ্বকে নিরাপদ করার চেষ্টা করছে, তাদের কাজে মের্জের হস্তক্ষেপ কমানো উচিত।”

মূলত গত সোমবার জার্মান চ্যান্সেলরের এক মন্তব্যের জের ধরেই এই তিক্ততার সৃষ্টি। মের্জ বলেছিলেন যে, ইরান ইস্যুতে আলোচনার ক্ষেত্রে তেহরান ওয়াশিংটনকে ‘অপমান’ করছে। মের্জের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি হোয়াইট হাউস।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মের্জের সমালোচনা করলেন ট্রাম্প। এর আগে তিনি জার্মানি থেকে কয়েক হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়ারও হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই কড়া অবস্থানের ফলে বার্লিন ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।