Image description

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথফেরত জরিপে (এক্সিট পোল) মিশ্র ফলাফল পাওয়া গেছে।

 

ছয়টি সংস্থার মধ্যে চারটির জরিপ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভেঙে এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি দুটি সংস্থা তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস দিয়েছে।

ভারতের ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ‘প্রজা পোল’-এর জরিপ অনুযায়ী, বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে।

অন্যদিকে তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। ‘পি-মার্ক’-এর জরিপে বিজেপিকে ১৫০-১৭৫ এবং তৃণমূলকে ১১৮-১৩৮টি আসন দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ম্যাট্রিক্স’ ও ‘পোল ডায়েরি’র জরিপেও বিজেপি এগিয়ে রয়েছে।

বিপরীত চিত্র উঠে এসেছে ‘জনমত পোলস’-এর জরিপে। তাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে।

‘পিপলস পালস’-এর জরিপেও তৃণমূলকে ১৭৭-১৮৭টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তবে সব সংস্থাই একমত যে বাম ও কংগ্রেসের ফলাফল এবারও অত্যন্ত শোচনীয় হতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, গত এক দশকে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান নজরকাড়া। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়ে তারা বড় শক্তির জানান দিয়েছিল। যদিও ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ঘুরে দাঁড়িয়েছিল। এবার ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার ঘটনা এবং বুথ পর্যায়ে বিজেপির শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি নির্বাচনের ফলে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বুথফেরত জরিপ সব সময় সঠিক হয় না। চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ৪ মে। তখনই স্পষ্ট হবে কার দখলে যাচ্ছে রাইটার্স বিল্ডিংস।

সূত্র: এনডিটিভি