Image description

ইরানে যুদ্ধের প্রতিবাদ করার কারণে যুক্তরাষ্ট্রের সাবেক ৬০ সেনা ও তাদের পরিবারের সদস্যরা গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা সদস্যরা।

 

এ বিষয়ে তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকা জানিয়েছে, সোমবার মার্কিন ক্যাপিটল প্রাঙ্গণে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যুদ্ধের প্রতিবাদে অংশ নেন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় কয়েকজন যুদ্ধাহতসহ প্রায় ৬০ জন সাবেক মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের রোটান্ডায় সমবেত হওয়া এই প্রতিবাদকারীদের অনেকের গায়েই সামরিক পোশাক ছিল। তারা সেখানে "ইরানে যুদ্ধ বন্ধ করো" এবং "আমরা আরেকটি যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবো না" লেখা ব্যানার প্রদর্শন করেন। এ সময় তারা অত্যন্ত শান্ত ও দৃঢ়ভাবে অবস্থান নেন।

 

প্রতিবাদ চলাকালীন সাবেক সেনাসদস্যরা একটি পতাকা ভাঁজ করার অনুষ্ঠান পরিচালনা করেন। এর মাধ্যমে তারা এই যুদ্ধে নিহত এবং ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু হলে প্রাণ হারাতে পারেন এমন মার্কিন সেনাদের প্রতি সম্মান ও শোক জ্ঞাপন করেন। এছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শুরু করা এই যুদ্ধে নিহত ইরানিদের স্মরণে অনেক প্রতিবাদকারীর হাতে লাল টিউলিপ ফুল দেখা যায়।

 

গ্রেপ্তারের আগে 'সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ার’-এর নির্বাহী পরিচালক মাইক প্রিসনার এক বিবৃতিতে বলেন, "এই যুদ্ধ ইতিমধ্যে চরম অজনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি সংকটে পরিণত হয়েছে। ইতিমধ্যে ১০০-এর বেশি সেনাসদস্য সিও (বিবেকবান আপত্তিকারী) হিসেবে নথিপত্র জমা দিতে শুরু করেছেন। যদি আরও বেশি মানুষ সোচ্চার হন, তবে ট্রাম্প প্রশাসন যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে।"

 

উল্লেখ্য, 'সিও' বলতে সেইসব সেনাসদস্যদের বোঝানো হয় যারা নৈতিক কারণে কোনো যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেন। ক্যাপিটল পুলিশ অবাধ্যতার অভিযোগে অন্তত ৬০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।