যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবসা-বাণিজ্যের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও প্রস্তুত থাকলেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এখনই উঠছে না। ইরানের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ ভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই (স্থায়ী যুদ্ধবিরতির) প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। কারণ, অধিকাংশ বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে।
আলজাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নৌ অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনা কখনোই খুব বেশি ছিল না। কারণ, ট্রাম্প প্রশাসন মনে করে, এটি ইরানের ওপর চাপ বজায় রাখার একটি কার্যকর উপায়।
তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্যে এটি স্পষ্ট যে এখনও কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। তবে তার মূল লক্ষ্য হলো ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা।
এখন বড় প্রশ্ন হলো—যদি ইরান সেই নিশ্চয়তা দেয়, তবে বিনিময়ে তারা কী পাবে? ইরান এটি নিশ্চিত হতে চাইবে যে, তারা যদি বড় কোনো ছাড় দেয়, তবে তার বদলে তারা উল্লেখযোগ্য কিছু সুবিধা পাচ্ছে কি না।