Image description

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি সমর্থন করবে না। ইরান সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে চলমান যুদ্ধ বন্ধের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধান চায়।

 

‘আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার এই অবস্থান ব্যক্ত করেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে খাতিবজাদেহ বলেন, আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি মেনে নিচ্ছি না। তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ এবার চিরতরে বন্ধ হওয়া উচিত।

 

তিনি বলেন, যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য কার্যকর হতে হবে। এটিকে ইরানের পক্ষ থেকে একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বর্ণনা করা হয়েছে।

 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পর্কে খাতিবজাদেহ বলেন, এই জলপথটি ঐতিহাসিকভাবে সবসময় উন্মুক্ত ছিল। এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখন এ গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।

 

তিনি বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। দেশ দুটির কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।