ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই মন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও কথা হয় তাদের।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর আজই প্রথম এ দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।
দীর্ঘদিন যুদ্ধের পর গত ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের ঠিক আগের মুহূর্তে দুই দেশের মধ্যে এ যোগাযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গত মার্চে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আয়োজিত এক বৈঠকে অংশ নেন প্রিন্স ফয়সাল। সেখানে তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের বিষয়ে আলোচনা হয় সে বৈঠকে।
এরপরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবসহ একাধিক উপসাগরীয় দেশে হামলা চালায় ইরান। এর প্রেক্ষিতে গত মার্চে প্রিন্স ফয়সাল বলেছিলেন, ‘সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে হামলা করায় ইরানের ওপর আস্থা হারিয়েছে তারা।’
তবে,নতুন করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ যোগাযোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। সংঘাত পরবর্তী সময়ে এ আলোচনা দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।