Image description

মার্কিন-ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন ইরানকে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পানি, খাদ্য ও জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সোমবার (৬ এপ্রিল) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে এক ফোনালাপে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

তবে আল-জাজিরা বলছে, একদিকে এমন মন্তব্য করে বিবৃতিতে তিনি বলেছেন এই মন্তব্য ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অতএব, কাতার মূলত মার্কিন হামলার পক্ষে থাকলেও একই ধরনের হামলা ইরান করলে তার বিরোধিতা করছে। 

পরিস্থিতি যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তার ইঙ্গিত মিলেছে সম্প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রগুলোয় বোমা হামলার হুমকি দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারিতে তেহরানও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যেকোনো হামলার জবাব একই মুদ্রায় দেওয়া হবে। রবিবার সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে — কুয়েতের দুটি পানি পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান।

বিশ্লেষকেরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের ছোট দেশগুলো এখন এক অদ্ভুত সংকটে পড়েছে। যুদ্ধ তারা চায় না, কিন্তু দুই পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষ থাকাও কঠিন হয়ে উঠছে দিনকে দিন।