ফিলিপাইনের ক্যাথলিক নেতা কার্ডিনাল পাবলো ভার্জিলিও ডেভিড আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ডনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামাতে এগিয়ে আসেন। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ আরও বাড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করেন। ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠিতে ডেভিড বলেন, ট্রাম্পের বারবার যুদ্ধের হুমকির দায় শুধু একজন মানুষের নয়। তিনি লিখেছেন, একজন নেতা একা কাজ করেন না। একজন নেতাকে বেছে নেয়া হয়, তাকে বহন করা হয় এবং তাকে ক্ষমতায় রাখা হয়।
এই কার্ডিনাল জাপানের নাগাসাকি ও হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার পুনরাবৃত্তির আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, তোমরা এর আগে এই সীমা অতিক্রম করেছ। এমন ধ্বংসযজ্ঞ চালানোর অর্থ কী, তা তোমরা জানো- তবুও সেটাকে বিজয় বলা হয়। তোমরা কি আবার তা করবে? তিনি আরও বলেন, যখন ক্ষমতা নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করা হয়, যখন কথা না শুনেই যুদ্ধ বেছে নেয়া হয়, যখন ধ্বংসকে শক্তি হিসেবে উপস্থাপন করা হয়- তখন সেটি নেতৃত্ব নয়। সেটি নৈতিক ব্যর্থতা।