Image description

অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রশিবির।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সেলিম রেজা বরাবর এই স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

দাবির মধ্যে ‘অবৈধ শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট নিশ্চিতকরণ, স্থানী সিট বণ্টন নীতিমালা প্রণয়ন ও নিয়মিত সিট এলোটমেন্ট, হলের নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি স্থাপন ও ডাইনিংয়ের খাবারের মান নিশ্চিতকরণ’ রয়েছে।

স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে ছাত্রশিবির জিয়া হল শাখার সভাপতি মো. আতিয়ার রহমান বলেন, আমরা প্রভোস্ট স্যারের কাছে পাঁচটি বিষয় নিয়ে গিয়েছিলাম স্যার আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে ঊর্ধ্বতন প্রশাসনের সাথে সমন্বয় করে পদক্ষেপ নিবেন। 

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মো. সেলিম রেজা বলেন, হল প্রভোস্ট হিসেবে আমি যোগদান করার পূর্বে থেকেই এখানে কিছু সমস্যা ছিল। বিগত প্রোভোস্টের সময় অতিরিক্ত প্রায় ৩৩ জন শিক্ষার্থী থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু সিট খালি না থাকাই তাদেরকে সিটে উঠাতে পারিনি। আমি দায়িত্ব নেওয়া পর তাদের মধ্য থেকে ৮ বা ৯ জন বাদে সকলকে সিট দিতে পেরেছি । ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়া শুরু করেছে। আশা করি খুব দ্রুতই কিছু সিট ফাঁকা হবে। এই ৯ জনকে সিট দেওয়ার পর, আমি যখন নতুন করে সিট দেওয়া শুরু করব, তখন সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সিট দিব। আমি খুব সুন্দরভাবে হলটিকে পরিচালনা করতে চাই। এখানে কোনো রকম অনিয়ম, মেধার বাইরে কোনো সিদ্ধান্ত কিংবা বহিরাগত কোনো রাজত্ব হতে দেব না।

প্রসঙ্গত, এর আগে ছাত্রশিবির ও ছাত্রদল নেতার মধ্যকার সংঘর্ষ হয়। এর পর অভিযুক্ত ছাত্রদল নেতা ওই হলে অবৈধভাবে অবস্থান নেওয়ায় অপসারণের বিষয়টা সামনে আসে।