ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে ‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ও ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ শীর্ষক দুটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কনফারেন্স রুমে ‘বিজয় একাত্তর হল সংসদ থেকে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানে ম্যাগাজিন দুটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মাদ, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ও ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।
‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ম্যাগাজিনটি জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের গল্প, ছোটগল্প, কবিতা, স্মৃতিচারণ ও গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে।
অন্যদিকে, ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ ম্যাগাজিনে ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুমের দুঃসহ ঘটনাবলি এবং স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে।