Image description

রাজধানীর পুরান ঢাকায় সরকারি আলিয়া মাদ্রাসার পাশ ঘেঁষা সড়ক থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

আজ শনিবার বিকেলে আল্লামা কাশগরী (রহ.) হল সংলগ্ন সড়ক থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। একইদিন দুপুরে বকশীবাজার রোডে আলিয়া মাদ্রাসায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যারিকেড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোমা সদৃশ বস্তুর বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে কাউন্টার টেরোরিজমের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন— সেটি তেমন কিছুই নয়।

তিনি জানান, বোমার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপদ স্থানে সরে যান তারা। এছাড়া সড়কটিও বন্ধ করে দেয় পুলিশ। বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে গত শুক্রবার ছাত্রশিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়, শনিবার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদ্রাসার আবাসিক হলে উঠবে ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’। পূর্ব ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বকশীবাজার রোডে আলিয়া মাদ্রাসায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেয় পুলিশ।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেছেন, অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয়, সে জন্য বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।