ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ হাসান রিপন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, কুরুচিপূর্ণ এবং ইতিহাসবিরোধী।
মাহমুদ হাসান রিপন বলেন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। এমন একটি প্রতিষ্ঠানকে রাষ্ট্রের ‘সবচেয়ে বড় ক্ষতির জায়গা’ হিসেবে অভিহিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতীয় চেতনা বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাষ্ট্রগঠন, গণতান্ত্রিক চর্চা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বুদ্ধিজীবীদের অবদান ইতিহাসে স্বীকৃত।
বিবৃতিতে তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তানি বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই হামলায় বহু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিহত হন। তার ভাষ্য, এই ঘটনাও দেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বের সাক্ষ্য বহন করে। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহু রাষ্ট্রনায়ক, বিচারপতি, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, কূটনীতিক ও প্রশাসক তৈরি হয়েছেন, যারা রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মাহমুদ হাসান রিপন দাবি করেন, দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য দায়িত্বশীল জনপরিসরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।