ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে গত ১৩ দিন ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার, ১২ অক্টোবর অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো এবং আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার হাসপাতালে বর্ষীয়ান এই অভিনেত্রীকে দেখতে যান।
খালেদা আক্তার কল্পনার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ইমরান হাসো জানান, প্রথম দিকে তাঁর অবস্থা বেশ গুরুতর ছিল এবং টানা ৪-৫ দিন তিনি কোনো কথা বলতে পারেননি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ ও শঙ্কামুক্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতি সপ্তাহের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। সুস্থতার জন্য ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সবার প্রিয় পর্দার এই ‘মা’।
অভিনেত্রীর খোঁজখবর নেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমাদের দেখে আন্টি অনেক খুশি হয়েছেন। শিল্পীরা শুধু সহকর্মী নন, তাঁরা একে অপরের পরিবারের অংশ। সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে থাকাই আমাদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
উল্লেখ্য, গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে খালেদা আক্তার কল্পনার। পরবর্তীতে পার্শ্ব চরিত্রে—বিশেষ করে ‘মা’ এর ভূমিকায় অসামান্য ও হৃদয়স্পর্শী অভিনয়ে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বর্তমানে আগের মতো আর অভিনয়ে নিয়মিত নন এই গুণী অভিনেত্রী। শারীরিক সুস্থতা ব্যাঘাত না ঘটলে মাঝে মাঝে ছোট পর্দার নাটকে দেখা যায় তাঁকে। আর বড় পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘তছনছ’ চলচ্চিত্রে।