শাড়ি নিয়ে ‘প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি নিয়ে আদালত জামিনের আদেশ দেন। তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্য জানা।
গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। সেই নির্দেশ মোতাবেক আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা। তার পক্ষে নিহার হোসেন ফারুক জামিন চেয়ে শুনানিতে বলেন, ‘তানজিন তিশা একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্য আদালতে এসেছেন। বাদীর ‘‘অ্যাপোনিয়া’’ পেজে শাড়ি দেখে কিনতে আগ্রহী ছিলেন। তখন বাদীপক্ষ তিশাকে বলেন, আমরা একটি শাড়ি দিচ্ছি। আমাদের পেজ মেনশন দিয়ে পোস্ট দিয়েন। তানজিন তিশা বলেন, ঠিক আছে। শাড়ি পাঠান। আমি পেজে আপলোড দেবো। তিনি ভিডিও আপলোডও করেছেন। পিকচারও আপলোড করবেন বলেছিলেন। এরই মধ্যে বাদী মামলা করে দিয়েছেন কোর্টে।’
তিনি বলেন, ‘তিশা খুবই ফেমাস একজন অভিনেত্রী। সামনে একটা বড় পর্দার সিনেমা হাতে নিয়েছেন। তাকে জামিন দেন।’
এ সময় পেজ থেকে নেওয়া সেই শাড়ি আদালতে উপস্থাপন করে দেখান আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক। তিনি বলেন, ‘এই দেখেন সেই শাড়ি। আসামি শাড়ির ভাজও ভাঙেননি।’
তখন বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, ‘একটু আগে বলা হলো শাড়ি পড়ে ভিডিও আপলোড করেছেন তানজিন তিশা। এখন বলা হচ্ছে, শাড়ির ভাজ ভাঙা হয়নি। শাড়ির ভাজ না ভাঙলে বা প্যাকেট থেকে না খুললে, না পড়ে ভিডিও করলো কীভাবে।’
এ সময় তানজিন তিশা কাঠগড়ায় দাঁড়িয়ে বার বার মাথা নাড়াতে থাকেন।
আইনজীবীদের দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বিচারক বলেন, ‘এখন কী এই শাড়ি পড়বেন, না কি করবেন সিদ্ধান্ত নিন।’
এরপর বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, ‘এমনি এমনি মামলা হয়নি। আগে আসামিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করছে। ডিবি পুলিশ বার বার ডাকলেও তানজিন তিশা হাজির হননি। তিনি প্রতারণা করেছেন। মামলাটি জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয়েছে। আইন সবার জন্য সমান। অভিনেত্রীদের জন্যও সমান। তাকে জেল-হাজতে আটক রাখার আবেদন করছি।’
এ সময় বার বার মাথা নাড়াতে থাকেন তানজিন তিশা। তিনি কিছু বলতে চান। তবে আসামিপক্ষের আইনজীবীরা কথা না বলার জন্য বলেন।
পরে বিচারক আদেশে বলেন, ‘আসামি যেহেতু একজন নারী, শাড়ির দাম কম ও মডেল বিবেচনায় তাকে জামিন মঞ্জুর করা হলো।’
আদেশের পরও বিচারকের উদ্দেশে তানজিন তিশা কথা বলতে চান। তখনও তার আইনজীবী নিষেধ করে বলেন, ‘জামিনের আদেশ হয়ে গেছে। দরকার নেই।’
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গত বছরের ৫ নভেম্বর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেন। সম্প্রতি ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন গ্রহণ করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন দেন আদালত।