Image description

‘একটা শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়’-শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি বলেন, ২৭ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাঁকে আদালতে আসতে হচ্ছে, যা তাঁর ১৫ বছরের ক্যারিয়ারের জন্য কাম্য নয়।

তিশা বলেন, ‘একটা ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। এটা কাম্য না, আমি একটা শাড়ির জন্য আদালতে আসব। ন্যায়বিচার যেন পাই, এটাই কামনা।’

তাঁর বিরুদ্ধে অভিযোগকারী একজন নারী উল্লেখ করে তিশা বলেন, ‘তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি প্রকাশ করব।’

এর আগে শাড়ি নিয়ে করা ‘প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্য জানান।

মামলার নথি অনুযায়ী, গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। এর আগে ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র অ্যাডমিন আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। সম্প্রতি তদন্ত শেষে পুলিশ তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেন।