Image description

সংবিধান নতুন করে প্রণয়ন করা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, সংবিধানের একটি অক্ষর পরিবর্তন করা হলেও সেটিকে সংশোধন হিসেবেই গণ্য করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রধান হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করি ভোটে জয়যুক্ত হব। আমরা দাড়ি-কমা সহ সব বাস্তবায়ন করব। নতুন করে কিছু লিখব না, সংশোধন করা হবে।

তিনি আরও বলেন, এ জন্য সবাইকে বসতে হবে। সবার মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

সচিবালয়ে এ বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মণি বলেন, সচিবালয়ে কোনো মিটিং হয়নি। তবে বসার বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। প্রধানমন্ত্রীর আহ্বানে একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটি নিয়ম রক্ষার নির্বাচন নয়। তারা এমন কথা বলতেই পারেন। তারপরও নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ।

তিনি বলেন, উনি আমাদের ডেকে তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও মতামত বিনিময়ের সুযোগ রয়েছে।