জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বসছে একাধিক উন্মুক্ত সংগীত আয়োজন। আগামী ৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দুটি বড় কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ও ‘বর্ষা বিপ্লবের গান’। এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হবে ‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। উন্মুক্ত আয়োজনটি দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’তে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড- মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে রে রে, মূল পর্বে পরিবেশনা করবে বাকি ছয়টি ব্যান্ড। একই সঙ্গে অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকছে।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে আরেকটি ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।
‘বর্ষা বিপ্লবের গান’-এ পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র্যাপার সেজান। এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও কয়েকজন শিল্পী এতে অংশ নেবেন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।
এদিকে জুলাইয়ের প্রতিবাদী গান, কবিতা ও র্যাপ নিয়ে ৪ আগস্ট বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হচ্ছে ‘সাউন্ড অব জুলাই’। ‘চলুন এক সঙ্গে গাই-জুলাইয়ের গান’ শিরোনামের এ আয়োজন চলবে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বিডিজবস। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকলেও অংশগ্রহণকারীদের ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
‘সাউন্ড অব জুলাই’-এ গান পরিবেশন করবেন জনপ্রিয় র্যাপার হান্নান, যিনি ‘আওয়াজ উডা’ গানের জন্য পরিচিত। এ ছাড়া ‘কথা ক’খ্যাত সেজান, কাজী আহনাফ তামিদসহ আরও কয়েকজন শিল্পী র্যাপ ও সংগীত পরিবেশন করবেন।
অর্থাৎ, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘিরে ৪ ও ৫ আগস্ট রাজধানীতে সংগীতপ্রেমীদের জন্য থাকছে একাধিক বড় আয়োজন। দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এসব কনসার্টে সংগীতের পাশাপাশি জুলাইয়ের স্মৃতি, প্রতিবাদ, গণতন্ত্র ও ঐক্যের বার্তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।