সাধারণত তারকারাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দেন। তবে এবার দেখা গেল ভিন্ন দৃশ্য—ক্যামেরার বুম হাতে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার নিয়ে চমকে দিলেন মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’-এর সাধু ও পাগলী, মোস্তাফিজ নূর ইমরান ও নাজিফা তুষি।
অন্যদিকে সিনেমা দেখে আবেগাপ্লুত এক দর্শকের ভালোবাসার প্রকাশও হয়ে উঠলো আলোচনার বিষয়। গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির বিশেষ প্রেস শো। শুরু থেকেই যেসব গণমাধ্যমকর্মী সংবাদ, প্রতিবেদন ও সমালোচনার মাধ্যমে ‘রইদ’-এর পাশে ছিলেন, তাদের সম্মানে আয়োজন করা হয় এই বিশেষ প্রদর্শনী।
এতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবং ‘রইদ’ টিমের সদস্যরা। চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্র সাধু ও পাগলীর ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান ও নাজিফা তুষি। সন্ধ্যা ৭টার প্রদর্শনী শেষে সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
সিনেমা শেষে হলের বাইরে হাতে বুম নিয়ে অপেক্ষা করছিলেন ইমরান ও তুষি। একে একে বের হয়ে আসা সাংবাদিকদের সাক্ষাৎকার নেন তারা এবং শোনেন চলচ্চিত্রটি নিয়ে তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া। প্রতিক্রিয়ায় অনেকেই বলেন, সিনেমা দেখে তারা এখনও ঘোরের মধ্যে আছেন। কেউ কেউ মন্তব্য করেন, ‘রইদ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দাবিদার হতে পারে। এক দর্শক আবেগাপ্লুত হয়ে তুষিকে চুমু দিয়েও বসেন।
তবে বিষয়টি সহজভাবেই গ্রহণ করেছেন তুষি। তার সাথে পরবর্তীতে ফটোসেশানেও দেখা গেছে তাকে।
গণমাধ্যমের প্রতি শিল্পীদের এই সম্মান ও আন্তরিকতা প্রশংসা কুড়িয়েছে উপস্থিত সবার কাছে। দেশের সীমানা পেরিয়ে ‘রইদ’ এখন প্রদর্শিত হচ্ছে দেশের বাইরেও। বাংলাদেশের পাশাপাশি চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন প্রেক্ষাগৃহে। দেশীয় দর্শকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।