ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি বলেন, তারিকুজ্জামান তপন ভাই আজ রাত আনুমানিক আটটার দিকে মারা গেছেন। তাকে আজকেই হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছিল। বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
একসময় নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ালেও রোগাক্রান্তের পর বিছানাই ছিল সঙ্গী গুরুতর অসুস্থ তপনের। শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গেল ফেব্রুয়ারিতে। তার অভিনীত সিনেমা-নাটকের মধ্যে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ উল্লেখযোগ্য।