Image description

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবারের ঈদে বড় পর্দায় তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। আছে ছোট পর্দাতেও কনটেন্ট। ঈদের ব্যস্ততা নিয়ে অভিনেত্রী এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়েছিলেন। অভিনেত্রী মৌসুমী হামিদের উপস্থাপনায় তিনি ব্যক্তি জীবনের ব্যস্ততা ও নতুন সিনেমা নিয়ে দীর্ঘ আড্ডা দেন।

 

বড় পর্দায় মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে। এতে বাঁধন অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ‘সুরমা’, গল্পে তিনি একজন মন্ত্রীর স্ত্রী।

 

চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে। এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।’

 

বাঁধন সবসময় নিজের বিষয়ে গোপন রাখতে পছন্দ করেন না। তার মতে, যতটুকু তার দর্শকের জানার অধিকার আছে, তা নিজেই জানাতে চান। এই অভিনেত্রী গুঞ্জনে বিশ্বাসী নন।

 

‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াও ওটিটিতে মুক্তি পেয়েছে তার ‘চক্র সিজন ২’ অরিজিনাল সিরিজ। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।