Image description

সুনামগঞ্জের ছাতকে চুরির অভিযোগে জামাই ও শ্বশুরের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এলাকার মানুষ। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের আব্দুল খালেকের ছেলে আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তারা এলাকার চিহ্নিত চোর বলে অভিযোগ স্থানীয়দের।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের দোলন মিয়ার বাড়িতে গরু চুরির সময় মঈনপুর গ্রামের পশ্চিমপাড়ার সাইফুর রহমান হৃদয়কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চুরির সঙ্গে দক্ষিণ কুর্শি গ্রামের আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ চারজন জড়িত।

 

পরে এলাকার লোকজন আজ দুপুরে কুর্শি বাজারে জরুরি এক সভা করেন। সভায় এলাকাবাসী সিদ্ধান্ত নেন, চোরের বসতঘর ভাঙচুর করে এলাকা থেকে বিদায় করে দেওয়া হবে। এরপর উত্তেজিত জনতা আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

 

ছাতকের জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান বলেন, গরু চুরির সময় স্থানীয় লোকজন মঈনপুরের হৃদয়কে আটক করেন। তাকে জিজ্ঞেস করে জানতে পারেন, ওই চুরির সঙ্গে আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়াসহ চারজন জড়িত। পরে উত্তেজিত জনতা তাদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। অভিযুক্ত আলী হোসেন ও তার জামাতা তারেক মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।