চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নতুন স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানস্থলের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে স্টেডিয়ামের দর্শক গ্যালারির কাছে ককটেলটি উদ্ধার করা হয়।
ডিউটিরত অবস্থায় এটি উদ্ধার করেন আনসার সদস্য মো. আজারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন্দ্র করে স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। ডিউটি পালনকালে আনসার সদস্য আজারুল ইসলাম গ্যালারির পাশে ককটেলটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি সেটি উদ্ধার করে একটি পানির বোতলে ভিজিয়ে রাখেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।