সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন নারীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়ে।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। ছবিতে থাকা ব্যক্তি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়ে নন।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে ‘Luma Taime’ নামের একটি অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ছবির মূল ছবিটা পাওয়া যায়। যাচাই করে জানা যায়, ‘লুমা তাইমী’ নামের ওই নারী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মেয়ে নন।
৭ মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে লুমা তাইমী নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি জামায়াতের নায়েবে আমীর তাহের সাহেবের মেয়ে নই, দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।”
দেখুন এখানে।
অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশনের তথ্যানুযায়ী, লুমা তাইমীর হোমটাউন বা জন্মস্থান সাতক্ষীরায় এবং বর্তমানে তিনি খুলনা সরকারি কলেজে (পূর্বে খুলনা সরকারি জয়বাংলা কলেজ) পড়ালেখা করেন।
অপরদিকে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যক্তিগত সচিব মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. তাহেরের মোট ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে পেশায় একজন ডাক্তার, মেজ মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং ছোট মেয়ে একজন স্থপতি ও বর্তমানে আমেরিকায় থাকেন। ডা. তাহেরের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।