বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ রবিবার (৮ মার্চ) থেকে শুরু হয়েছে। নির্ধারিত কয়েকটি ধাপে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।
বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
আবেদনের নিয়ম এবং নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ
প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রথম ধাপের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
বাছাইপ্রক্রিয়ার ধাপসমূহ
১. শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য আবেদন: প্রথমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর প্রাথমিকভাবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য প্রার্থীদের বাছাই করা হবে।
২. প্রিলিমিনারি স্ক্রিনিং: এসএসসি বা সমমানের ফলাফল, এইচএসসি বা সমমানের ফলাফল এবং ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ওপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে।
এই ধাপ শেষে নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)–এর জন্য ডাকা হবে।
৩. লিখিত, মনস্তত্ত্ব ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা: এই ধাপে অংশ নিতে আবারও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২২৩ টাকা।
লিখিত পরীক্ষার নম্বর বণ্টন:
ইংরেজি ও বাংলা রচনা/কম্পোজিশন: ১০০ নম্বর (৩ ঘণ্টা)
সাধারণ জ্ঞান ও গণিত: ১০০ নম্বর (৩ ঘণ্টা)
মনস্তত্ত্ব: ৫০ নম্বর (১ ঘণ্টা)
মোট নম্বর ২৫০ এবং মোট সময় ৭ ঘণ্টা।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য পরে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৪. বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা: লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রার্থীরা তাদের User ID ও Password ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৫. স্বাস্থ্য পরীক্ষা: লিখিত, মনস্তত্ত্ব ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা-এ স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এ সময় অনলাইনে পূরণ করা চিকিৎসা সংক্রান্ত ফরম জমা দিতে হবে।
৬. চূড়ান্ত নির্বাচন ও প্রশিক্ষণ: সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর সিলেকশন বোর্ডের সুপারিশ, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
নির্বাচিতদের রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে।
