নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানান।
লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, “আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতারের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।”
তিনি জানান, “আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি তার দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন।”
এ ঘটনার পর তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত এই হামলা করেছে। আমি এই হামলার মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তাদেরকে থানার আসতে পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।