ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রমজান মাসে ঢাবিতে দ্বিতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস প্রার্থী ও জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বক্তা ও দোয়া পরিচালনা করবেন প্রখ্যাত আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ঢাবির টিএসসি সংলগ্ন মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল একাডেমিয়া’র সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় শুধু ঢাবির নিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
জানা যায়, তানভীর বারী হামিমের উদ্যোগে চলতি রমজানে গৃহীত তিনটি কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, সেহরি উইথ হামিম ও ইফতার উইথ হামিম। এরই ধারাবাহিকতায় ছেলে ও মেয়েদের পৃথকভাবে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও রমজান মাস উপলক্ষ্যে তিনি ঢাবির ছেলেদের ১৩টি হলে পর্যায়ক্রমে সেহরী ও ১ মার্চ সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করবেন।
প্রতিযোগিতার শুরু নিয়ে তানভীর বারী হামিম বলেন, ফ্যাসিবাদের আমলে কোরআন তিলাওয়াতকে কেন্দ্র করে বটগাছকে শোকজ করা হয়েছিলো। তারই প্রতিবাদে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গত বছর সর্বপ্রথম এ আয়োজন করেছিলাম। শিক্ষার্থীদের আগ্রহ থেকেই এ ধরণের আয়োজন।
শিক্ষার্থীদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, কোন ধর্মই বিদ্বেষের বাণী ছড়ায় না, সব ধর্মই শান্তি ও সত্যের বার্তা দেয়। কিন্তু এই ধর্মকে যারা পুঁজি করে অধর্ম করে তারা হারিয়ে যায়। এই রোজার মাসে আমার সাধ্যনুযায়ী শিক্ষার্থীদের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামীন এ পথকে আরো সহজতর করে দিন, আমিন।
শীর্ষনিউজ