বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বেসরকারি মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মাদ্রাসার এমপিও সুবিধা বাতিল হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদিন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
নতুন নির্দেশনায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না করলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা দেওয়া হবে না।