বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিদেশি অতিথিরা মঙ্গলবার দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অতিথিদের মধ্যে ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। আরও শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন তারেক রহমানকে। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তারেক রহমানের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে ওম বিড়লা লিখেছেন, 'আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং আমাদের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।'
এদিকে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরীও সৌজন্য সাক্ষাৎ করে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে অন্যান্য দেশ থেকে আগত অতিথিরাও। তাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
উল্লেখ্য, বিভিন্ন প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পাশে ছিলেন তাঁর কন্যা জাইমা রহমান।
জনকণ্ঠ