Image description
 
 

নতুন সরকারের মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে আবার প্রতিমন্ত্রীর শপথ পাঠ করেন তিনি।

ফরিদপুর-২ আসনে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। 

শামা ওবায়েদ হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে। তিনি বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত চার বার জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। শামা ওবায়েদ ১৭ বছরেরও বেশি সময় ধরে নিজ নির্বাচনি এলাকায় সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলের আন্তর্জাতিক উইং ও তৃণমূল স্তরে সক্রিয়। তিনি নারী নেতৃত্ব, রাজপথ আন্দোলন এবং টকশোতে দলের অবস্থান তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন।