Image description

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদ অথবা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির বেশির ভাগ শীর্ষ নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন।

 

তবে এখনো মন্ত্রিপরিষদে কোনো দায়িত্ব দেওয়া হয়নি দলটির স্থায়ী কমিটির আলোচিত চারজন সদস্যকে। তারা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়।

 

তাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, এমন গুঞ্জন রয়েছে বিভিন্ন মাধ্যমে। জাতীয় সংসদের স্পিকার কে হচ্ছেন, এটি নিয়েও নানা আলোচনা চলছে।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ছয়জন নেতা মঙ্গলবার মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এ ছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

 
 

 

প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা

 

মন্ত্রী পদমর্যাদায় নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা

 

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহদী আমিন ও রেহান আসিফ আসাদকে।