ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমপি নির্বাচিত হওয়ার পর রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই আসনের বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
প্রিয় ঢাকা-১১ এর বাসিন্দাগণ,
আসসালামু আলাইকুম।
আপনাদের অসীম ভালোবাসা, আস্থা এবং অক্লান্ত সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তা’আলার কাছে অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ—সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।
আজকের বিজয় সম্ভব হয়েছে এগারো দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। আমাদের মা-বোনেরা বাসায় বাসায় প্রচারণা করেছেন, ছাত্র-যুবরা ভোটকেন্দ্রে পাহারা দিয়েছেন। সবার একতা এবং নিষ্ঠাই এই জয়কে সম্ভব করেছে। শিগগিরই আমি ঢাকা-১১-এর প্রতিটি প্রান্তে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসব। আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত, ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১।
আমরা ওসমান হাদীসহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান—সবই আমাদের অঙ্গীকার। তরুণদের ক্ষমতায়ন এবং জুলাই প্রজন্মের স্বপ্ন ও অধিকার রক্ষাও আমাদের অঙ্গীকার।
এটি আমার জীবনের প্রথম নির্বাচন। প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। তারপরও আপনারা নাহিদ ইসলাম ও শাপলা কলির উপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করব।
ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে—প্রতিটি বাধা অতিক্রম করে, প্রতিটি ভুল মোকাবিলা করে। আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারা এই যাত্রার অংশ, এবং আপনারাই আমাদের শক্তি।
শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার জন্য ঢাকা-১১ এর সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমরা একসাথে এগিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ!