Image description
 

সচাঁদপুরের ফরিদগঞ্জে দলীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম. এ. হান্নান।

শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। দলীয় আদর্শের প্রতি আজীবন অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এম. এ. হান্নান। এ কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিএনপির রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করে তিনি নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আইনভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন নবনির্বাচিত এই এমপি।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীর্ষনিউজ