ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় শনিবার নির্বাচনি এলাকায় ঘুরলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ছাড়াও নিজ হাতে নির্বাচনি পোস্টার সরানোর কাজ শুরু করেন।
ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
এছাড়া দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতের আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে মিরপুরের বিভিন্ন এলাকা সফর করে ওই এলাকার মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি সাধারণ মুসল্লি ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। নির্বাচন পরবর্তী এটি ছিল তার প্রথম সফর।
এ সময় ঢাকা-১৫ আসনের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি জনগণের সমস্যার কথা জানার ও বোঝার চেষ্টা করেন।
মতবিনিময়ের আগে তার নির্বাচনি এলাকার কিছু বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ করেন। নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে সব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এবং জনগণের সমস্যা সমাধানে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
নানা বাধা-প্রতিবন্ধকতা ও হামলা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য তিনি ভোটার জনগণ, জামায়াতের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী তাকে নির্বাচিত করে যে বিরাট দায়িত্ব অর্পণ করেছেন, তা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য তিনি মহান আল্লাহর তাওফিক কামনা করেন।
জামায়াত আমির আরো বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দল সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, জনগণ আমাদের ওপর যতটুকু দায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ দিয়ে তা পালন করব। দেশটা কারও কাছে ইজারা দেব না, কাউকে প্রভু মানব না, কারও দাসত্ব স্বীকার করব না।
মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। ভালোবাসা দিতে চাই। যদি ঐক্যবদ্ধভাবে আমাদের জাতি গড়ার সুযোগ দেওয়া না হয়, তবে আমরা আমাদের মতো করে কাজ করব। আমাদের দেশপ্রেম ও ভালোবাসাকে দুর্বলতা মনে করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যতটুকু সুযোগ আছে, সবটুকু উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের অন্তরে জায়গা করে নিতে চাই।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও আসন পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম ও কবির হোসেন, ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশ