পাবনার ঈশ্বরদীতে নির্বাচনের দিন দিবাগত রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘর ভাংচুর ও পুকুরের মাছ ধরে বিক্রির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ড জামায়াতের সভাপতি তানভীর কবির শিখন।
শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারী) রাতে আলহাজ্ব মোড়স্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাশুড়িয়া ইউনিয়ন শাখার সদস্যরা। এ বিষয়ে মানহানির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানভীর কবির শিখন বলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নওদা পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মনোয়ারুল ইসলাম (৪৫) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন অবস্থায় ভোট কেন্দ্রের ভিতরে ভোট কারচুপির চেষ্টা করেন। সেসময় সেখানে দ্বায়িত্বে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাশুড়িয়া ইউনিয়ন শাখার সদস্যরা বাধা প্রদান করেন এবং দ্বায়িত্বরত বাংলাদেশ সেনাবাহীনীকে বিষয়টি অবগত করেন। সেনাবাহীনীর সদস্যরা অভিযোগের ভিত্তিতে অবৈধ ভাবে ভোট কেন্দ্রের ভিতরে থাকা অবস্থায় মনোয়ারুলকে আটক করেন। পরে রাতে থানায় মুচলেকা দিয়ে মুক্তি পেয়েই জামায়াত কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন হয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত মনোয়ারুল। এসংবাদ সম্মেলনে নিজেদের সম্মান হানির অভিযোগ এনে মনোয়ারুল সহ নওদাপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৩), ফুরকান আলী প্রামানিকের ছেলে মোঃ মোহাইমিনুল হক (সাগর) (২৬), আবুল কাশেমের ছেলে আজিম হোসেন (৪২), মৃত আবুল কালামের ছেলে মুরাদ হোসেন (৩৭) এবং হযরত আলীর ছেলে নাজমুল হোসেন (৫০) এর বিরুদ্ধেঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন জামায়াত কর্মীরা।
জানতে চাইলে অভিযুক্ত মো: মনোয়ারুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বাড়ী ঘর ভাঙ্গার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা এলাকায় কোন বাড়ীঘর না ভাঙলেও মিছিল করে লাঠিসোটা নিয়ে আমাদের কর্মীদের নানা ভয়ভীতি দেখিয়েছে।
গুচ্ছ গ্রামের সরকারী পুকুরে তারা কিভাবে মাছ চাষকরে সে বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা পুকুরটি লিজ না নিয়েই গুচ্ছ গ্রামের বসবাসকারীদের একটা লভ্যাংশ দিতে চেয়ে এই পুকুরটিতে মাছ চাষ করতাম। তবে মাঝ চুরির বিষয়টি আমি স্বচক্ষে দেখি নি।
জানতে চাইলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, বাড়ি ঘর ভাঙচুরের বিষয়ে উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তবে লিজ না নিয়ে সরকারী পুকুরে মাছ চাষ করা অপরাধ। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সূত্র: সংবাদভূমি