Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তুমুল সমালোচনা করে চলেছেন। তবে এবার সেই আক্রমণকে দ্বিগুণ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন একটি চুক্তি করেছেন যা তুলা চাষি এবং বিশেষ করে টেক্সটাইল রপ্তানিকারকদের গভীর ক্ষতি করতে পারে।
রাহুল সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এবং তার বক্তব্য তুলে ধরার জন্য ঢাকার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তিতে শর্তসাপেক্ষ শূন্য-শুল্ক আরোপের উপর আলোকপাত করেছেন। “১৮% শুল্ক বনাম ০%” ক্যাপসানে রাহুল লিখেছেন, আমাকে ব্যাখ্যা করতে দিন কিভাবে বিশেষজ্ঞ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

রাহুল লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ০% শুল্ক সুবিধা দেয়া হচ্ছে — একমাত্র শর্ত হল তারা আমেরিকান তুলা আমদানি করবে। ভারতীয় পোশাকের উপর ১৮% শুল্ক ঘোষণার পর যখন আমি বাংলাদেশকে দেয়া বিশেষ ছাড় সম্পর্কে সংসদে প্রশ্ন উত্থাপন করি, তখন মোদি সরকারের একজন মন্ত্রীর উত্তর ছিল,আমরাও যদি একই সুবিধা চাই, তাহলে আমাদের আমেরিকা থেকে তুলা আমদানি করতে হবে।
এই তথ্যটি এতদিন কেন গোপন রাখা হয়েছিল, সেই প্রশ্ন তুলে রাহুল বলেনে, এটি কী ধরনের নীতি? এটি কি আসলেই কোনো পছন্দ হতে পারে?
রাহুল বলেন, ভারত যদি আমেরিকান তুলা আমদানি করে, তাহলে আমাদের নিজস্ব কৃষকরা ধ্বংস হয়ে যাবে এবং আমরা যদি তা আমদানি না করি, তাহলে আমাদের টেক্সটাইল শিল্প পিছিয়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে।
রাহুল দাবি করেন, এখন বাংলাদেশও ইঙ্গিত দিচ্ছে যে তারা ভারত থেকে তুলা আমদানি কমাতে বা বন্ধ করে দিতে পারে। অথচ কোটি কোটি মানুষের দৈনন্দিন রুজি এই দুটি খাতের উপর নির্ভর করে।
এর আগে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির রাহুল গান্ধীর চলমান সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ভারতীয় কৃষকদের বিভ্রান্ত করতে রাহুল গান্ধী 'বানানো, 'কৃত্রিম' এবং 'ভিত্তিহীন' আখ্যান ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন।