Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেছেন। ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের একটি সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গণভোটে উত্থাপিত পাঁচটি প্রস্তাবের মধ্যে একটি ছিল একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। ওই প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান কি বিএনপি চেয়ারম্যান পদে বহাল থাকতে পারবেন?

দলীয় সূত্র বলছে, বিএনপি গণভোটের এই অংশের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেয়। অর্থাৎ, দলটি আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হওয়ার ওপর বিধিনিষেধ আরোপের সঙ্গে একমত নয়। 

সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চাইলে গণভোট-সংক্রান্ত প্রস্তাবের সংশ্লিষ্ট বিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। সে ক্ষেত্রে দলীয় প্রধান পদে থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তারেক রহমান বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করবে আইনি ব্যাখ্যা, সংসদীয় প্রক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

এ অবস্থায় প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান থাকবেন কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সংসদীয় পদক্ষেপ ও দলীয় অবস্থানের দিকে।

দুই আসনে কত ভোট পেলেন তারেক রহমান
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। তার চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।

বগুড়া-৬ (সদর) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের ১৫০টি কেন্দ্রে (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।