Image description

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ। প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আসনের তিনটি উপজেলার মোট ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে আমতলী উপজেলায় ৬৫টি, তালতলী উপজেলায় ৩০টি এবং বরগুনা সদর উপজেলায় ৯৫টি কেন্দ্র রয়েছে। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, আমতলী উপজেলায় হাতপাখা প্রতীক বড় ব্যবধানে এগিয়ে থাকে। সেখানে হাতপাখা প্রতীক পান ৫৫ হাজার ৪৭৫ ভোট, আর ধানের শীষ প্রতীক পান ৪১ হাজার ৩৮২ ভোট।

অন্যদিকে তালতলী উপজেলায় ধানের শীষ প্রতীক এগিয়ে ছিল। এখানে ধানের শীষ পান ২৮ হাজার ২৬০ ভোট এবং হাতপাখা পান ২০ হাজার ৬৪৫ ভোট।

বরগুনা সদর উপজেলায় ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ৯৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক পান ৬৪ হাজার ৬৯৫ ভোট এবং হাতপাখা প্রতীক পান ৬২ হাজার ৩৯২ ভোট।

তিন উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৭ ভোট। অপরদিকে হাতপাখা প্রতীক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। সব মিলিয়ে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন হাতপাখা প্রতীকের প্রার্থী হোসাইন মোহাম্মদ অলিউল্লাহ।

ফলাফল ঘোষণার পর হাতপাখা সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। অন্যদিকে ধানের শীষ প্রার্থীর সমর্থকরা ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

 আমতলী উপজেলায় হাতপাখা প্রতীকের বড় ব্যবধানই শেষ পর্যন্ত সামগ্রিক ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।