Image description

সিলেট অঞ্চলের ভোটে একচেটিয়া বিজয় পেতে চলেছেন বিএনপি’র প্রার্থীরা। ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন প্রার্থীরা। একটিতে খেলাফত মজলিস প্রার্থী এগিয়ে রয়েছেন। রাতে প্রাথমিক ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে রাত ৯ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হচ্ছিলো। প্রাথীদের এজেন্ট, বেসরকারীভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সিলেট জেলার ৬টি নির্বাচনী আসনের ফলাফলে জানা গেছে-জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন সিলেট-১ আসনে বিএনপি’র এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপি’র প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপি’র প্রার্থী এমএ মালিক, সিলেট-৪ আসনে বিএনপি’র প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে ১১ দলের শরিক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে বিএনপি’র প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

মৌলভীবাজার-১ আসনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম সফু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী। হবিগঞ্জের চারটি আসনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন হবিগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ ফয়সল আহমদ। সুনামগঞ্জ জেলার ৫টি আসনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বিএনপি’র ৫ প্রার্থী। এরা হচ্ছেন- সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কওছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে এডভোকেট নুরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন।