প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
প্রকাশিত বিবরণী অনুযায়ী, ৩০ জুন ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত উপদেষ্টাদের সম্পদের গতিবিধি দেখানো হয়েছে। এতে দেখা গেছে, বাকি উপদেষ্টাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, তবে দুইজনের সম্পদ কমেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মোট সম্পদ এক বছরে প্রায় অর্ধেক কমে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার থেকে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার টাকায়। অর্থাৎ তার আর্থিক সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। এছাড়া তার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ও কমেছে।
অপরদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মোট সম্পদও কমেছে। তার আর্থিক সম্পদ ৯৪ লাখ ১৮ হাজার টাকা থেকে ৭৭ লাখ ৮৩ হাজার টাকায় নামেছে। নন-ফাইন্যান্সিয়াল সম্পদের পরিমাণ একই রয়েছে। তার স্ত্রী নন্দিতা চাকমারও সম্পদ কমেছে, যা ২৫ লাখ ২৫ হাজার টাকা থেকে ২০ লাখ ৮০ হাজার টাকায় এসেছে। তবে তাদের দায়ের পরিমাণ এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নিয়ম অনুসারে। এছাড়া বিবরণীতে শুধু মধ্যবর্তী এক অর্থবছরের হিসাব দেখানো হয়েছে।
অর্থবছরের এই সময়কালে উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করছে এবং ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।